রাজধানীর মাতুয়া-ইলে প্রায় ৩৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।গত সোমবার দুপুরে মাতুয়াইলের কাঠের পুল এলাকা থেকে খায়রুল হোসেন চৌধুরী নামে এক ব্যক্তিকে গুলি করে তাঁর কাছ থেকে ৩৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। খায়রুল হোসেন মতিঝিলের মাস্টার গার্মেন্টস কোম্পানি নামের একটি পোশাক প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। মাতুয়াইলে প্রতিষ্ঠানটির কারখানা। শ্রমিকের বেতন বাবদ মতিঝিলের একটি ব্যাংক থেকে তিনি টাকাগুলো তুলে প্রাইভেট কারযোগে মাতুয়াইলে যাচ্ছিলেন। ওই গাড়িতে চালক ছাড়াও কোম্পানির পরিচালক হুমায়ুন কবীর ও কোম্পানির কর্মচারী সেলিম রেজাও ছিলেন। ছিনতাইয়ের ঘটনার পর রাতে হুমায়ুন কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।