জড়িত চিকিত্সকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজশাহী মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত চিকিত্সকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সেখানকার নেতৃবৃন্দকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে যাঁরা দোষী হবেন বা ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিত্সা যন্ত্রপাতি হস্তান্তর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
চিকিত্সকদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘কথায় কথায় অহেতুক ধর্মঘট ডাকবেন না। ধর্মঘট ডাকলে একজন রোগী মারা গেলে দায়িত্ব নেবে কে? সত্যিকার অর্থে যদি আপনি একজন চিকিত্সক হন, তাহলে ধর্মঘট করবেন না। আমি ধর্মঘট সমর্থন করি না।’ এ সময়ে তিনি এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সবাইকে অনুরোধ জানান।
রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক আবু মুসা মোহাম্মদ ফাকরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক প্রমুখ বক্তব্য দেন।
মোহাম্মদ নাসিম বলেন, চিকিত্সকসংকট সমাধানের লক্ষ্যে আগামী বছর সাড়ে ছয় হাজার চিকিত্সক নিয়োগ করা হবে। হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসপাতালের উন্নয়ন অবশ্যই করব, কিন্তু কোনো দুর্নীতি সহ্য করব না। কেউ দুর্নীতি করলে আমি অ্যাকশন নেব। কেউ তদবির করবেন না। তদবির করলে সব সুবিধা বন্ধ করে দেব।’
দশম সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলায় পুলিশের ভূমিকার প্রশংসা করে নাসিম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যে নৈরাজ্য হয়েছে, তা পৃথিবীর কোনো দেশে হয়নি। তাদের আন্দোলনের প্রথম টার্গেট ছিল আইনশৃঙ্খলা বাহিনী, যা অতীতের কোনো সময়ে আমরা দেখিনি।’
নাসিম বলেন, পুলিশ, র্যাব ও বিজিবির সেদিনের সাহসী ভূমিকার কারণেই আজ দেশে গণতন্ত্র বিরাজ করছে। একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। সংসদ চলছে।