জড়িত তরুণ ৫ দিনেও গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত সেই তরুণকে পাঁচ দিনেও গ্রেপ্তার হননি। এ ঘটনায় হওয়া মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ওই ঘটনা নিয়ে হওয়া সালিসের টাকা ভাগাভাগি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের পিটুনিতে এক মাতব্বর আহত হয়েছেন।

পুলিশ ও পরিবার জানায়, সরিষাবাড়ী পৌরসভার একটি বিদ্যালয়ের ওই ছাত্রী (১৪) গত রোববার সকালে জেএসসি পরীক্ষা দিতে বের হয়। পথে এক বখাটে তার পথরোধ করেন। একপর্যায়ে তিনি ছাত্রীটিকে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করেন। ছাত্রীর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। সে আর পরীক্ষা দিতে পারেনি। ছাত্রীটির বাবা সোমবার রাতে ওই বখাটে ও তাঁর বাবার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। গত বুধবার সেটি মামলা হিসেবে নেওয়া হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, পাঁচ দিন গেলেও বখাটেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার না করলে আন্দোলনে যাবেন এলাকাবাসী।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার এসআই আমিনুর রহমান বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মামলা করে পরিবারটি আরও বিপদে পড়েছে। মামলা তুলে নিতে বখাটে ও স্থানীয় মাতব্বরেরা পরিবারটিকে অব্যাহতভাবে চাপ দিচ্ছেন। কিন্তু সালিসে বখাটেকে করা জরিমানার টাকা দেওয়া হচ্ছে না।

এলাকাবাসী জানান, ঘটনাটি মীমাংসা করতে মঙ্গলবার রাতে পৌরসভার চৌধুরী মোড়ের একটি চাতালে সালিস বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন সোহরাব হোসেন নামের এক ব্যক্তি। উপস্থিত ছিলেন মমতাজ আলী, দুলাল মিয়াসহ কয়েকজন মাতব্বর। সালিসে বখাটেকে চার লাখ টাকা জরিমানা করা হয়। ওই টাকার একাংশ ভাগ-বাঁটোয়ারা নিয়ে গতকাল সকালে বিবাদে জড়ান মমতাজ আলী ও দুলাল মিয়া। একপর্যায়ে মমতাজের ছেলে মো. বিদ্যুৎ পিটিয়ে দুলাল মিয়াকেগুরুতর আহত করেন।

মমতাজ আলী বলেন, টাকা ভাগ-বাঁটোয়ারার কথা সত্য নয়।