জড়িত থাকার কথা স্বীকার করেছেন সাত বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাত বিদেশি নাগরিক।
গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মিজানুর রহমান, আনোয়ার ছাদাত ও রেজাউল করিম তাঁদের নিজ নিজ খাসকামরায় দোভাষীর সাহায্যে এ জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরপর ওই সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ওই সাত আসামি জবানবন্দিতে আদালতকে বলেছেন, আন্তর্জাতিক চক্রের সদস্যরা এই ব্যবসা নিয়ন্ত্রণ করেন। তাঁরা চীন ও তাইওয়ানে এই ব্যবসা শুরু করেন। সেই সূত্র ধরে বাংলাদেশে আসেন এবং ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ধরে চক্রটি এই ব্যবসা চালিয়ে আসছে।
পুলিশ সূত্র জানায়, অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে করা মামলা জামিনযোগ্য হওয়ায় আসামিরা সহজেই জামিন পেয়ে যেতেন। যে কারণে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতো। এই মামলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ধারা সংযুক্ত করা হয়েছে। তারপর দ্বিতীয় দফায় ৪৩ আসামিকে রিমান্ডে নেওয়া হয়। ওই ৪৩ জনের মধ্যে সাতজন গতকাল আদালতে জবানবন্দি দেন। তাঁরা হলেন— হো য়ু টিং, লিন য়েনটিং, চিও টিসং ইয়ং, লি শিয়া হো, ইয়াং মেন হ্যান, জং বো সেন এবং লিং জি জিং। অন্য আসামিদেরও রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ২৩ ডিসেম্বর উত্তরার একটি বাসা থেকে ৩৭ জন বিদেশিসহ ৪৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় আসামিদের কাছ থেকে ল্যাপটপ, ওয়াকিটকি, ল্যান্ডফোন, সিম, মডেমসহ এক কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করা হয়।