জড়িত থাকার কথা স্বীকার জাহাঙ্গীরের ভাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরের চাচাতো ভাই নূর মোহাম্মদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গতকাল শুক্রবার টাঙ্গাইলে র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এ কথা জানান।
ওই মামলায় গত বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এর মধ্যে জাহাঙ্গীরের চাচা মো. আবুল কাশেম কাচ্ছেদ ও তাঁর ছেলে নূর মোহাম্মদকে ওই দিন বিকেলে গ্রেপ্তার করা হয় ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে। এঁরা দুজনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। আর এ ঘটনায় জড়িত সন্দেহে একই দিন সকালে জাহাঙ্গীরের আত্মীয় আসিফকে মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকা থেকে এবং আবু কাওসার স্বপনকে ঢাকা থেকেগ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে এই মামলায় এজাহারভুক্ত চার আসামিসহ মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছেন। তবে মূল আসামি জাহাঙ্গীরকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর কার্যালয়ে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ সময় মহিউদ্দিন ফারুকী বলেন, মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি নূর মোহাম্মদ জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। পরিবারটির অভিযোগ, একই গ্রামের জাহাঙ্গীরের সঙ্গে মনিরার বিয়ে দিতে রাজি না হওয়ায় এভাবে তাদের হত্যা করা হয়েছে।