মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্রীর শরীরের কিছু অংশ ঝলসে যাওয়ার ঘটনায় একই শ্রেণীর দুই ছাত্র জড়িত বলে স্বীকার করেছে। গত শনিবার শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তারা এই স্বীকারোক্তি দেয়।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ১ মার্চ শ্রেণীকক্ষের বেঞ্চে লেপ্টে রাখা দাহ্য পদার্থে দশম শ্রেণীর ভোকেশনাল বিভাগের এক ছাত্রীর (১৫) পরনের কাপড় এবং শরীরের নিচের কিছু অংশ ঝলসে যায়।সূত্র জানায়, গত শনিবার দশম শ্রেণীর ভোকেশনাল বিভাগের সব ছাত্রকে ডেকে দিনভর শিক্ষকেরা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সবুজ আহমদ ও রাজীব আহমদ নামের দুই ছাত্র সুপার গ্লু (শক্ত আঠা) কিনে বেঞ্চে লেপ্টে রাখে বলে জানায়। সবুজের বাড়ি ভাটেরা ইউনিয়নের বড়গাঁও ও রাজীবের বাড়ি ব্রহ্মটেকা গ্রামে।ভাটেরা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই ছাত্র বলেছে, তারা মজা করার জন্য কাজটি করেছে! সুপার গ্লুর সঙ্গে কোনো ধরনের দাহ্য পদার্থ তারা মেশায়নি বলেও জানায়। তবে ওই দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রীর বাবা গতকাল রোববার বিকেলে মুঠোফোনে জানান, মেয়েকে তিনি প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে পরিচিত এক চিকিৎসকের পরামর্শে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।