জড়িত না হলে তারেককে আদালতে হাজির করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান জড়িত নন—এ কথা বলে বিএনপির নেতারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, তারেকের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই তাঁকে আসামি করা হয়েছে।আইন প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বিএনপির আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘তারেক রহমান এই মামলায় জড়িত নন মনে করলে আপনাদের মক্কেলকে আদালতে হাজির করুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আসুন। ভয় পাচ্ছেন কেন?’২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি মুফতি হান্নানের দেওয়া জবানবন্দির ভিত্তিতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকে এই মামলায় আসামি করা হয়েছে। মুফতি হান্নান গত মঙ্গলবার আদালতে তাঁর ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই মামলায় তারেক রহমানসহ অন্যদের আসামি রাখার আইনি ও নৈতিক অধিকার সরকারের নেই।মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের সুযোগ নেই। তার পরও কেউ দরখাস্ত দিতে চাইলে তা জবানবন্দি দেওয়ার পর আদালতে প্রথম হাজিরার দিন দিতে হয়। কিন্তু জবানবন্দি দেওয়ার পর মুফতি হান্নানকে বহুবার আদালতে হাজির করা হয়েছে। কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। তা ছাড়া শুধু মুফতি হান্নানই নন, আরও অনেকে তারেক রহমানকে জড়িয়ে জবানবন্দি দিয়েছেন।