জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সভাপতি জি এম আবদুল কাদেরের বিরুদ্ধে মামলা দায়ের, তাঁকে গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানানো হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যোগে শ্যামনগর সদরে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।সমাবেশ থেকে আগামী ৩০ ঘণ্টার মধ্যে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ও উপপরিদর্শক (এসআই) আবু জাফরকে প্রত্যাহার ও আগামী ৭২ ঘণ্টার মধ্যে জি এম আবদুল কাদেরের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এসব দাবি মানা না হলে মঙ্গলবার সকাল থেকে লাগাতার হরতাল পালন করার হুমকি দেওয়া হয়। গতকাল শ্যামনগর আওয়ামী লীগের পক্ষ থেকে এসব ঘোষণা দেওয়া হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার অভিযোগ করেন, মোশারফ হোসেন শনিবার সন্ধ্যার দিকে শ্যামনগর থানায় এসে সরকারি কাজে বাধা প্রদান ও মারধর করার অভিযোগে আবদুল কাদের ও যুবলীগের কর্মী মো. শহীদের নামে মামলা করেন। বিষয়টি জানতে পেরে আবদুল কাদের ও যুবলীগের কর্মী মো. শহীদ ও আবদুল জলিল থানায় যান। এ সময় তাঁরা থানার উপপরিদর্শক আবু জাফরের কাছে মামলা কেন গ্রহণ করা হয়েছে তা জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আবু জাফর যুবলীগের নেতা আবদুল কাদেরকে গ্রেপ্তার করে বেধড়ক মারধর করেন। পরে অন্য দুজনকেও গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসেন জানান, তিনি শনিবার শ্যামনগরের ধানখালিতে একটি মামলার তদন্ত করে ফিরে আসার সময় বংশীপুর মোড়ে চা পান করার জন্য একটি দোকানে বসেন। এ সময় আবদুল কাদের ও মো. শহীদের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধর করেন। তিনি কোনো প্রকার অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন।