জড়িত পুলিশ সদস্যদের শনাক্তের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় পুলিশ হেফাজতে কিশোরী ধর্ষণের ঘটনার ১৫ দিনেও জড়িত পুলিশের পাঁচ সদস্যকে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে, বিভাগীয় তদন্তও হয়েছে। পুলিশ সদস্যদের দেখলে চিনতে পারবে বলে বিচারিক হাকিমের কাছে ওই কিশোরী জবানবন্দিও দিয়েছে। তবু ধর্ষণে জড়িত পুলিশ সদস্যদের শনাক্তকরণে কোনো উদ্যোগ নেই।
এদিকে, পুলিশ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে ১৭ বছর বয়সের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনা তদন্তে ২ অক্টোবর জেলা পুলিশের পক্ষ থেকে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেনকে আহ্বায়ক করে এক সদস্যের কমিটি গঠন করা হয়।
পুলিশ সুপার সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, এই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ বলেন, কিশোরীর মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। গতকাল পর্যন্ত অনুমতি মেলেনি। এদিকে ১১ অক্টোবর কিশোরীকে গাইবান্ধা জেলা কারাগারে নিরাপত্তা হেফাজত থেকে রাজশাহী সেফ হোমে পাঠিয়ে দেওয়া হয়।
গত ৩০ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত কিশোরীর পরিচয় জেনে তা আদালতকে জানানোর জন্য গত ১৩ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিল। ওই দিন কিশোরীকে রাজশাহী সেফ হোম থেকে গোবিন্দগঞ্জ আদালতে হাজির করলেও পুলিশ তার পরিচয় ও অভিভাবকের ঠিকানা উপস্থাপন করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব কিশোরীকে সঙ্গে নিয়ে তার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় গিয়ে তদন্তকাজের জন্য গত ১০ অক্টোবর গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন জানান। এর জবাবে আদালত তদন্তকাজ নিয়ে যেন প্রশ্ন না ওঠে, সে জন্য কিশোরীকে সঙ্গে নিয়ে কারাগারের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, মহিলা পরিষদ, আইনজীবী সমিতি এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধির সমম্বয়ে কিশোরীর ঠিকানা, অভিভাবকের পরিচয় খুঁজে বের করার নির্দেশ দেন। এ জন্য ওই সব সংগঠনের প্রতিনিধিদের নাম আদালতে উপস্থাপন করতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
তদন্তকারী কর্মকর্তা আহসান হাবিব বলেন, ওই সব সংগঠনের প্রতিনিধিদের নাম সংগ্রহ করা হচ্ছে।
এদিকে মহিলা পরিষদের আইনজীবী মুরাদ জামান বলেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তদন্তকারী কর্মকর্তা উল্টো পথে হাঁটছেন।