মানিকগঞ্জের সিঙ্গাইর থানার দুই উপপরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলের বিরুদ্ধে ব্যবসায়ীসহ তিনজনকে নির্যাতন করার ঘটনা তদন্ত করা হবে। মানিকগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বিষয়টি তদন্ত করবেন। নির্যাতনের শিকার ব্যবসায়ী হারুন-অর-রশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া গতকাল সোমবার এ পদক্ষেপ নেন। পিকআপ-চালক শাহীনুর রহমানের চাচা মো. মোবারক হোসেন জানান, শনিবার রাতে সবজি নিয়ে ঢাকায় যাওয়ার পথে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের সিঙ্গাইরের ধল্লা এলাকায় শহীদ রফিক সেতুর কাছে পুলিশ চৌকিতে কর্মরত এসআই আদিল মাহমুদ ও এসআই রণজিৎ কুমার দাস সবজিবোঝাই পিকআপটি থামিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ওই দুই পুলিশ কর্মকর্তাসহ চার কনস্টেবল মিলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গি গ্রামের সবজি ব্যবসায়ী মো. হারুন-অর-রশিদ ও মো. একলাস উদ্দিনসহ পিকআপ-চালক শাহীনুর রহমানকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় শনিবার রাতেই হারুন ও শাহীনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নির্যাতনের ঘটনায় সুবিচার চেয়ে হারুন-অর-রশিদ গতকাল সোমবার মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এক আত্মীয় তাঁর পক্ষে অভিযোগটি পৌঁছে দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার বিষয়টি তদন্তের দায়িত্ব দেন এএসপি মো. জসিম উদ্দিনকে। তদন্ত শেষে আগামী সাত দিনের মধ্যে তাঁকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।