প্রকাশ্যে রাজপথে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে পুলিশের নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতীকী অনশন পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে দায়ী পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।গত শনিবার কর্তব্যরত অবস্থায় রাজধানীর আগারগাঁওয়ে পুলিশের মারধরে গুরুতর আহত হন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক খালেদ সরকার, জাহিদুল করিম ও সাজিদ হোসেন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:দিনাজপুর: দিনাজপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন গতকাল জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে বক্তারা বলেন, সাংবাদিকদের পিটিয়ে পুলিশ সদস্যরা সরকার ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নির্যাতনকারী পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। সভায় বক্তব্য দেন সাংবাদিক গোলাম নবী দুলাল, জিন্নাত হোসেন, রফিকুল ইসলাম, আজহারুল আজাদ প্রমুখ।জামালপুর: জামালপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন স্থানীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে। অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মোস্তফা বাবুল, জাহাঙ্গীর সেলিম, মোস্তফা মনজু, আনোয়ার হোসেন, জ্যোতিশ এষ প্রমুখ।মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলায় প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকেরা। এতে বক্তারা দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি করেন। সভায় বক্তব্য দেন সাংবাদিক হারুন অর রশিদ, জিয়া খান, ইসরাত জাহান, এ কে এম ফয়সাল প্রমুখ।বাগমারা (রাজশাহী): বাগমারায় বন্ধুসভা ও স্থানীয় সাংবাদিকেরা ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা করেন। বন্ধুসভার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবাদিক রাশেদুল হক, মাহফুজুর রহমান, জিল্লুর রহমান, ইউসুফ আলী প্রমুখ। সিলেট: বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। সংগঠনের সভাপতি আবদুল বাতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক আতাউর রহমান, দুলাল হোসেন, মামুন হাসান, শেখ আশরাফুল আলম প্রমুখ। সভা সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল মনসুর। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ উপজেলায় প্রেসক্লাবের দুটি অংশ ও সাংবাদিক সমিতির সদস্যরা সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন। এতে সাংবাদিক নেতারা ঘটনার মূল হোতা এসি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রথম আলোর তিন সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জড়িত পুলিশদের শাস্তি দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সাংবাদিক সমিতির সভাপতি সুজন ঘোষ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এক যৌথ বিবৃতিতে গতকাল এ প্রতিবাদ ও দাবি জানান।চাঁদপুর: বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তব্য দেন সাংবাদিক কাজী শাহাদাত, আলম পলাশ, বাদল মজুমদার, সোহেল রুশদী প্রমুখ। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।নান্দাইল (ময়মনসিংহ): উপজেলা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। প্রেসক্লাবের সহসভাপতি মজুমদার প্রবালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবাদিক রমেশ কুমার, শংকর চন্দ্র বণিক, প্রভাষক অরবিন্দ পাল প্রমুখ।