প্রকাশ্যে রাজপথে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে পুলিশের নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত শনিবার কর্তব্যরত অবস্থায় রাজধানীর আগারগাঁওয়ে পুলিশের মারধরে গুরুতর আহত হন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক খালেদ সরকার, জাহিদুল করিম ও সাজিদ হোসেন।প্রথম আলোর প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: প্রেসক্লাবের সামনে ‘নারায়ণগঞ্জ জেলার ফটোসাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে গতকাল মানববন্ধন করা হয়। এতে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক শফিউদ্দিন আহম্মেদ, প্রণব রায়, তাপস সাহা, পাপ্পু ভট্টাচার্য্য, মেহেদী হাসান প্রমুখ। কেরানীগঞ্জ (ঢাকা): উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কদমতলী সড়কের মুক্তিযোদ্ধা নূর ইসলাম চত্বরের সামনে মানববন্ধন হয়েছে। এতে প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক আল আমিন চৌধুরী, দেলোয়ার হোসেন, কালিম সান্টু ও রায়হান খান। টঙ্গী (গাজীপুর): স্থানীয় শহীদ মিনার চত্বরে টঙ্গী থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন শেষে শহীদ মিনার চত্বরে গাযী খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়।