জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দরে অনুপ্রবেশ করে তিনজন শ্রমিককে পেটানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। গত সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে জরুরি বৈঠকে বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার কে এস সারওয়াথ এ আশ্বাস দেন।সোমবার সকালে চেকপোস্টের জিরো পয়েন্টের ১৮৬৩ নম্বর সীমান্ত-পিলার এলাকার ভারতের অংশে বিরোধের জের ধরে ভারতীয় দুই ব্যবসায়ীর লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ক্যাম্প কমান্ডার আর কে চাকমার নেতৃত্বে ১৫ থেকে ১৬ জনের একটি বিএসএফ দল বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করে দুই ট্রাকচালক ফারুক মিয়া ও আসিক মিয়া এবং সহকারী মো. সেলিমকে বেধড়কভাবে পিটিয়ে আহত করে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলেই বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বিজিবি ১৪ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নূরুল হুদা জানান, বৈঠকে উত্তর ত্রিপুরার পানিসাগর বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার কে এস সারওয়াথ এ ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। বৈঠকে ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলাদেশি ব্যবসায়ী, পরিবহন ও বন্দরশ্রমিক এবং হামলার শিকার এক ট্রাকচালকের বক্তব্য নেওয়া হয়। তবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, সোমবার বন্দর এলাকার ভারতীয় অংশে ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে নো-ম্যান্স ল্যান্ড এলাকা থেকে ট্রাক নিয়ে বাংলাদেশিদের সরে যেতে নির্দেশ দেয় বিএসএফ। নির্দেশ অমান্য করায় কতিপয় বিএসএফ সদস্য ওই তিনজন শ্রমিককে মারধর করে।