জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের নাটাবাড়িয়া গ্রামে একঘরে থেকে ‘জাতে’ তুলতে ভূরিভোজ করানোর ঘটনায় জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন। বিচারক এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

গতকাল সোমবার আদালতের বিচারক মো. জাকির হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ওই নির্দেশ দেন। তিনি আগামী ১৫ দিনের মধ্যে ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন।

পাঁচ-ছয় বছর আগে একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে নাটাবাড়িয়া গ্রামের মোবারক হোসেনকে মাতবরেরা সমাজচ্যুত করেন। প্রায় দেড় মাস আগে তাঁর ভাতিজা জহুরুল ইসলাম বিয়ে করেন। বিয়েতে তিনি তাঁর চাচাকে সঙ্গে নেন। এ কারণে গ্রামের লোকজন এতে অংশ নেননি। সমাজচ্যুত ব্যক্তিকে বিয়েতে নেওয়ায় জহুরুলকেও সমাজচ্যুত করা হয়। জহুরুল দিনমজুরি করেন। সমাজচ্যুত হওয়ার পর কারও জমিতে তাঁকে কামলা হিসেবে নেওয়া হতো না। এ অবস্থায় জহুরুল মাতবরদের কাছে ধরনা দেন। এ নিয়ে বৈঠকে জহুরুল ও মোবারক ক্ষমা চান। সেখানে জহুরুলকে সমাজের লোককে খাওয়ানোর শর্ত দেওয়া হয়। গত ১২ জুলাই গ্রামের মাতবরসহ দেড় শ মানুষকে খাওয়ান তিনি।

এ নিয়ে ১২ জুলাই ‘একঘরে থেকে “জাতে” উঠতে ভূরিভোজ’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশ হওয়ার পর গ্রামটিতে যান মানবাধিকারকর্মীরা। এরপর গতকাল ঝিনাইদহের মুখ্য বিচারিক হাকিমের আদালত ওই ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেন।

আদালত আদেশে উল্লেখ করেন, গ্রামের কতিপয় ব্যক্তি একঘরে করে রেখে জহুরুল ইসলামের কাজকর্ম ও চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করেছেন। শুধু তা-ই নয়, ওই দিনমজুরকে জোর করে দেড় শতাধিক লোককে খাওয়ানোর আয়োজন করিয়ে নিজেরা ভূরিভোজে অংশ নিয়েছেন। সমাজে এ ধরনের অনাচার বন্ধ করা দরকার।