হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে মিছিল ও সমাবেশ করেছে চারটি সংগঠন। পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চট্টগ্রাম নগর শাখা যৌথভাবে গতকাল রোববার বিকেলে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, কল্পনা চাকমার অপহরণের পর থেকেই একটি বিশেষ মহল চিহ্নিত অপহরণকারীদের রক্ষা করার চেষ্টা চালিয়ে আসছে। প্রথমে বলা হয়েছিল, এটি অপহরণ নয়, হৃদয়ঘটিত ব্যাপার। পরে বলা হয়েছিল, তিনি বেইজিংয়ে বিশ্ব নারী সম্মেলনে গিয়ে থাকতে পারেন; কখনো দাবি করা হয়েছে, তিনি ভারতের ত্রিপুরা রাজ্যে আছেন। অপহরণকারীদের রক্ষায় বিশেষ মহলের চেষ্টা এখনো অব্যাহত আছে।
গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক সুকৃতি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা ও চট্টগ্রাম নগর শাখার সভাপতি রিতা চাকমা, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপন চাকমা, চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যাসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সম্পাদক কাজলী চাকমা, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম নগরের সমন্বয়ক হাসান মারুফ প্রমুখ।
সমাবেশের আগে চট্টগ্রাম শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়।
১৯৯৬ সালের ১১ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা।