জামালপুরে আরব-বাংলাদেশ হজ এজেন্সির জেলা প্রতিনিধি আবদুল হকের (৪৫) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। দুপুর ১২টার দিকে নরুন্দি-জামালপুর সড়কের ইটাইল বাজার এলাকায় নরুন্দি ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন চলাকালে আবদুল হকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আবদুল হক মহিশুড়া গ্রামের বাসিন্দা। তিনি ইসলামি শ্রমিক আন্দোলন কমিটির জেলা সহসভাপতিও ছিলেন। গত মঙ্গলবার ব্রহ্মপুত্র নদে খুঁটিতে বাধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
গতকালের কর্মসূচিতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, ইটাইল গ্রামের বাসিন্দা খলিলুর রহমান, নিহত ব্যক্তির স্ত্রী মরিয়ম আক্তার ও ছেলে আব্দুল্লাহ আল মারুফ বক্তব্য দেন।
বক্তারা বলেন, হত্যাকারীরা এতই নির্মম যে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে নদের পানিতে লাশ ডুবিয়ে রাখে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলাতে হবে। গত দুই দিনেও পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। না হলে নরুন্দি এলাকার সর্বস্তরের মানুষ এক হয়ে কঠোর আন্দোলনের ডাক দেবে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শুক্রবার রাত নয়টার পর আবদুল হক নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্র নদের পানিতে একটি সিমেন্টের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মরিয়ম বেগম অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
জানতে চাইলে সদর থানার নরুন্দি তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনছার আলী গতকাল প্রথম আলোকে বলেন, মুঠোফোনের কলের সূত্র ধরে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কোনো ক্লু এবং হত্যাকারীদের শনাক্ত করা যায়নি। তদন্তকাজ দ্রুতগতিতে চলছে। অল্প সময়ের মধ্যেই হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।