জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় জখম হওয়া বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদের অবস্থার উন্নতি হয়েছে। তাঁর ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার কলেজ ক্যাম্পাস ও শহরের সাতমাথায় মিছিল ও সমাবেশ হয়েছে।
গত রোববার রাতে শহরের জহুরুল নগর এলাকায় দুর্বৃত্তরা বেনজির আহমেদসহ চারজনকে কুপিয়ে জখম করে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার শহীদুল্লাহ দেওয়ান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে বেনজির আহমেদের বাম পায়ের গোড়ালি জখম হয়েছে। সেরে উঠতে কয়েক দিন সময় লাগবে।
এদিকে বেনজিরের ওপর হামলার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাস এবং বেলা দেড়টার দিকে শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সাতমাথায় বিক্ষোভকালে প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন দেওয়া হয়। সমাবেশ দুটিতে ছাত্রলীগের কর্মী সৈয়দ প্লাবন মিয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ছাত্রলীগের কর্মী মাহফুজার রহমান। বক্তব্য দেন আসলাম হোসেন, মির্জা আহসানুল হক, ইসমাইল হোসেন প্রমুখ। এদিকে বেনজির আহমেদকে হত্যাচেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন বেনজির আহমেদ গতকাল বলেন, শহরের জহুরুল নগর এলাকার কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর নানাভাবে অত্যাচার চালিয়ে আসছিলেন। কয়েক দিন আগে ওই যুবকেরা কলেজ ক্যাম্পাসে এসে বিপ্লব নামের এক ছাত্রকে মারধর করেন। বিপ্লব জহুরুল নগরের নুরুল ম্যানশন মেসে থাকেন। রোববার রাতে বিপ্লব ছাড়াও একই মেসের মশিউর ও বুলবুল নামের আরও দুজন ছাত্রকে তুলে নিতে আসেন ওই যুবকেরা। এ সময় বিপ্লবের ফোন পেয়ে পাশের ‘দুই ভাই’ মেস থেকে এগিয়ে আসেন। পরে অভিভাবকেরা এসে বিষয়টি মিটমাট করেন। কিন্তু রাত সোয়া ১১টার দিকে ওই যুবকেরা সংঘবদ্ধ হয়ে নুরুল ম্যানশনে ফের হামলা করেন এবং বিপ্লবকে খুঁজতে থাকেন। এ সময় সেখানে বিপ্লবকে না পেয়ে সন্ত্রাসীরা তাঁর খোঁজে ‘দুই ভাই’ মেসে হামলা করেন। হামলাকারীরা তাঁকেসহ (বেনজির) মেসের চারজন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেন। তাঁরা তাঁর মুঠোফোনও কেড়ে নিয়ে যান। এ ঘটনার সঙ্গে আধিপত্য বিস্তার বা মাদকের সংশ্লিষ্টতা নেই।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, বেনজিরের ওপর হামলার ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত মামলা হয়নি।