জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডোমার উপকমিটির সভাপতি আবদুল ওয়াদুদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শিগগির গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার দুপুরে ডোমার উপজেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সম্মেলন হয়।
উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আতিয়ার রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডোমার উপকমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা।
লিখিত বক্তব্যে বলা হয়, আবদুল ওয়াদুদ (৬০) গত বছরের ২৯ ডিসেম্বর রাত নয়টার দিকে শহরের সাহাপাড়ার বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। এ ঘটনায় ২ জানুয়ারি ডোমার থানায় মামলা করা হয়। কিন্তু এত দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংগঠনের পক্ষে গত ১৭ জানুয়ারি ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এবং ৪ ফেব্রুয়ারি পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।