জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাঙ্গীর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাঈম ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে পুলিশ তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাঈমের প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। বেলা ১১টায় তাঁরা ডেমরা-কালীগঞ্জ সড়কের জাঙ্গীর এলাকায় টায়ারে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ গেলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধস্তাধস্তি হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদকে দেখে এলাকাবাসী চড়াও হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বেলা একটার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
২ ফেব্রুয়ারি নাঈমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।