রংপুর নগরের রামপুরা এলাকায় কেব্ল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ী রতন মিয়ার (২২) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নগরজুড়ে এলাকাবাসীর পক্ষ থেকে পোস্টার সাঁটানো হয়েছে।
রতনের বাবা আজিম উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে নৃশংসভাবে খুন করার পর তারা এখন নানাভাবে আমাদের ভয়ভীতি প্রদর্শন করছে।’
সরেজমিনে দেখা গেছে, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে নগরের এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে, কাচারীবাজার, মেডিকেল মোড়, ধাপ, ভগি, বালাপাড়া, কটকিপাড়া, মুন্সিপাড়া, কেরানীপাড়া, প্রেসক্লাব এলাকাসহ নগরের বিভিন্ন স্থানে পোস্টার টানানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ বলেন, এ মামলায় আসামির সংখ্যা ১৬ জন। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক থাকায় বাকি আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। গত ২২ অক্টোবর রামপুরা এলাকায় রতন মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।