জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তাসলিমা বেগম নামের এক গৃহবধূকে হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়।
তাসলিমা পৌর শহরের সীমারপাড় মহল্লার সোলাইমান হোসেনের স্ত্রী। গত বুধবার রাতে তাঁকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সোলাইমান, শ্বশুর ও শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, উপজেলার সূর্যনগর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দুই কিলোমিটার দূরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়। এতে প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।
পুলিশ ও তাসলিমার স্বজনদের সূত্রে জানা গেছে, ২০০৮ সালে উপজেলার সূর্যনগর গ্রামের তাসলিমার সঙ্গে সীমারপাড়ের সোলাইমানের বিয়ে হয়। কিন্তু এক বছর ধরে সোলাইমান যৌতুকের দাবিতে তাসলিমাকে নির্যাতন করে আসছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে বুধবার রাতে তাসলিমাকে নির্যাতন করে হত্যা করা হয়। বিষয়টি জানাজানি হলে তাসলিমার লাশ বাড়িতে রেখেই সোলাইমান ও তাঁর স্বজনেরা পালিয়ে যান।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, আসামিরা সবাই পলাতক। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।