জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রামদিঘা গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। ‘আমরা ধরমপাশাবাসী’ নামের একটি সংগঠন আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হাই তালুকদার প্রমুখ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে রামদিঘা গ্রামে নতুন সংযোগ দেওয়া হয়। এতে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ওই গ্রামের দরিদ্র কৃষক রঞ্জিত সরকার নিজের ঘরের সামনে উঠানে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর গায়ের ওপর পড়ে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী রিতা সরকার, বাবা জগদীশ সরকার ও বড় ভাই রাকেশ সরকারের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী সোনালি সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিন্দোল দাস ,নেত্রকোনা পল্লীøবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জিএম মজিবুর রহমান বলেন, ‘পরিবারটিকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।’