জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের রসুলপুর আবদাল হোসেন বসুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মৌন মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলার সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এসব কর্মসূচি পালন করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে উপজেলার সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকের শিক্ষক-কর্মচারীরা মৌন মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন পাটগ্রাম টিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব, মির্জারকোট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ধবলসুতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, পানবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান, বাউরা আরেফা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছাত্তার প্রমুখ।
বক্তারা বলেন, ‘হামলাকারীরা শুধু শিক্ষক-শিক্ষার্থীদের মারধর করেনি, তারা সমাজের বিবেককেও লাঞ্ছিত করেছে।’ তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানান। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
এ ঘটনায় শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান রহুল আমিন ও ইউএনও নূর-কুতুবুল আলমের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গত বুধবার ওই উচ্চবিদ্যালয়ের ঘরের ওপর ঝুলে থাকা একটি গাছের ডাল কেটে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেনের সঙ্গে গাছের মালিক শাফিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসাও হয়। এর জের ধরে সুশীল কুমার সেনের নেতৃত্বে ১৪-১৫ জন যুবক প্রথমে প্রধান শিক্ষক দুলালের ওপর হামলা চালান। পরে সুশীলের বিচারের দাবিতে মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ওই মিছিলের ওপরও সুশীলের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে সাত শিক্ষার্থী আহত হয়।
থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় বুধবার রাতে শাফিউল ও সুশীলসহ ১১ জনের নামে থানায় মামলা করেছেন প্রধান শিক্ষক দুলাল।