জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক জহিরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার থানাবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম (২৮) কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ী গ্রামের আবদুল জব্বারের ছেলে। ৭ সেপ্টেম্বর বিকেলে তিনি অটোরিকশাসহ নিখোঁজ হন। ৯ সেপ্টেম্বর রাত আটটার দিকে কোম্পানীগঞ্জের চাটিবহর এলাকার ধলা বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল থানা বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে কোম্পানীগঞ্জের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামালউদ্দিন সভাপতিত্ব করেন। এতে বাবুল মিয়া, শামসু মিয়া, এখলাছুর রহমান, আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার না করলে কোম্পানীগঞ্জে এলাকাবাসীর ডাকে লাগাতার হরতাল পালন করা হবে।