জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে সংখ্যালঘু এক দরিদ্র গৃহবধূর (২০) ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় সচেতন যুব ও ছাত্রসমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই স্মারকলিপি দেওয়া হয়।একই দাবিতে আগের দিন বুধবার শ্যামগ্রামে বিক্ষোভ মিছিল ও সভা করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সচেতন যুব ও ছাত্রসমাজের উদ্যোগে বুধবার বিকেলে শ্যামগ্রামে বিক্ষোভ মিছিলে কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি শ্যামগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মোহিনী কিশোর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা করা হয়। ওই সংগঠনের পক্ষ থেকে গৃহবধূর ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে ইউএনও মো. সামছুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।ইউএনও স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া জাহের মিয়াকে (৩০) গতকাল দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। দু-এক দিনের মধ্যেই অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।গত ২৪ আগস্ট দিবাগত রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত শ্যামগ্রামে ওই গৃহবধূর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে।