ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে।
গতকাল রোববার কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এসব কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
পথসভায় শিক্ষক সমিতির উপজেলা সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষকের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী শরিফুন নেছার নেতৃত্বে আওয়ামী লীগের ২০-২৫ জন লোক কাগমারী মাধ্যমিক বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে তাঁরা আওয়ামী লীগের ওই নেত্রীকে দাতা সদস্য করার প্রস্তাব দেন। এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় তাঁকে স্কুলের মধ্যেই মারধর করা হয়। বর্তমানে ওই শিক্ষক যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।