জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করে ঠিক কাজ করেননি; বরং ব্যক্তিগত স্বাধীনতা হরণের দায়ে, স্কাইপ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা উচিত। গতকাল রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বিশ্ব মানবাধিকার দিবস এবং প্রান্তিক মানুষের মানবাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মিজানুর রহমান এ কথা বলেন। বেসরকারি সংগঠন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) এবং অক্সফাম এ সেমিনারের আয়োজন করে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) কোনো কালে কোনো দেশেই নিরপেক্ষ ছিল না। তারা নিরপেক্ষ হলে পৃথিবীর কোনো দেশেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হতো না।’ সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, প্রান্তিক মানুষের যে সমস্যা আছে, সেই বাস্তবতা স্বীকার করতেই রাজি নয় রাষ্ট্র। তাদের সমস্যার সমাধান না হওয়ার এটা একটা কারণ। অনেক প্রান্তিক মানুষ নিজের ঘরে পরবাসী হয়ে আছে। পরিবারের কেউ শ্রমিক না হলে চা-বাগানে বাস করার অধিকার হারাবে—চা-বাগানে চালু এই আইনটিকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করেন সেমিনারের সভাপতি আকবর আলি খান। তিনি বলেন, ভূমি সমস্যার সমাধান না করলে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হবে না। মানবিক বা নৈতিক বিবেচনায় নয়, অর্থনৈতিক কারণেই এ সমস্যার সমাধান করতে হবে। এর কারণ, এ সমস্যা জিইয়ে থাকলে ওই অঞ্চলে বিনিয়োগ হবে না। আকবর আলি খান বলেন, ‘আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় মূল্যবোধের অবক্ষয় প্রকট, গণতন্ত্রের গণতন্ত্রায়ণ করতে হবে।’ সেমিনারে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলম বলেন, প্রান্তিক মানুষের প্রতি কেমন আচরণ করা হয়, এটা সভ্যতার একটি মাপকাঠি। মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেদা ইসলাম ও অধ্যাপক মনিরুল ইসলাম খান। প্রবন্ধে বলা হয়, কল্যাণমূলক রাষ্ট্র না হলে মানবাধিকার বিষয়টি কখনোই মুখ্য হবে না। মানব-ইতিহাসে এটি প্রমাণিত যে, অধিকার কখনোই স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হয়নি, এর জন্য দরকার নিরবচ্ছিন্ন সংগ্রাম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক রানা দাশগুপ্ত আলোচনায় বলেন, সংবিধানে জিয়া ও এরশাদের ভূত আজও রয়ে গেছে। পঞ্চদশ সংশোধনীর পরও সংবিধান থেকে ধর্মীয় বৈষম্য দূর করা যায়নি। আরডিসির চেয়ারপারসন মেজবাহ কামালের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক প্রণব কুমার বড়ুয়া, বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, গীতা রানী দাশ প্রমুখ।