
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কলেজছাত্রী রিতা রানী সূত্রধরকে ‘হত্যা’র প্রতিবাদে ও ‘হত্যাকাণ্ডে’ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শহরে এ বিক্ষোভ করা হয়।
এ ছাড়া বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন নিহত রিতার স্বজন ও এলাকাবাসী। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রিতার বাবা গোবিন্দ সূত্রধর, জেলা হিন্দু মহাজোটের সভাপতি বাসুদেব সাহা প্রমুখ।
গোবিন্দ সূত্রধর বলেন, যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে রিতাকে হত্যা করেছে। মামলা হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
রিতা রানীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ঘিওরের তেরশ্রী ধানগৌড়ি গ্রামের রতন সূত্রধরের ছেলে প্রদীপ সূত্রধরের (৩০) সঙ্গে সাটুরিয়া উপজেলার কৈট্টা গ্রামের গোবিন্দ সূত্রধরের মেয়ে রিতা রানীর (২০) বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে প্রদীপকে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ চার লাখ টাকার জিনিসপত্র দেওয়া হয়। চার মাস আগে পোশাক কারখানার চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন প্রদীপ। এরপর বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য রিতাকে চাপ দিচ্ছিলেন প্রদীপ। এতে রাজি না হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রিতার ওপর প্রায়ই নির্যাতন করতেন। ১ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরবাড়িতে গলায় ফাঁস নেন রিতা। ওই রাতে রাতে কে বা কারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিতার লাশ ফেলে চলে যায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামিরা পলাতক। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।