নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ি বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোমিনুজ্জামান শান্ত (১৪) ও সুমন বাবুর (১৪) হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে।
আমবাড়ি বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে শোক মিছিলের পর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আমবাড়ি বাজার থেকে গোমনাতী বাজার পর্যন্ত সড়কজুড়ে মানববন্ধনে কয়েক হাজার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেন সরকার, ব্যবস্থাপনা কমিটির সভাপতি তহিদুল ইসলাম, অভিভাবক ইলিয়াস আলী, খায়রুল ইসলাম প্রমুখ। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম সিদ্দিকী বলেন, ওই মামলার তদন্তে সময় দেওয়া যায়নি। এখন তদন্ত চলছে।