নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুলিশ কর্মকর্তাকে মারধর করে ভ্রাম্যমাণ আদালত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমানের সহযোগী আবুল হাশেমসহ তিন ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করেন বনপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল সকালে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক তাঁদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলমের কার্যালয়ে হাজির করেন। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান সেখানে উপস্থিত হন। তাঁরা ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে আসামিদের ছিনিয়ে নিয়ে যান।উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় থেকে জানা গেছে, গত বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে ওই আসামিদের আবার হাজির করা হয়। পুলিশ সাক্ষ্য-প্রমাণ ও আলামত হাজির করতে না পারায় আসামিদের বেকসুর খালাস দেন আদালত। সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম বলেন, রাজনৈতিক নেতা-কর্মীরা পরে ক্ষমা চেয়েছেন। তাই মামলা করা হয়নি।