ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাদিজা মনি ওরফে মিতু (৭) হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর এবং এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও মিছিল হয়েছে। একই দাবিতে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে কসবা-কুটি চৌমুহনী সড়কের স্বাধীনতা চত্বরে মানববন্ধন করা হয়। এতে কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুল, কসবা আদর্শ উচ্চবিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
একই দাবিতে কসবা শিশু শিক্ষাপ্রতিষ্ঠান সিডিসির উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। এতে সিডিসির অধ্যক্ষ মো. সোলেমান খান সভাপতিত্ব করেন। দুটি কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ প্রমুখ।
পুলিশ জানায়, গত শনিবার পৌর শহরের ইমামপাড়া এলাকা থেকে খাদিজাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই রাতে মামলা হয়। রাতেই মাসুক মিয়া ও খাইরুল মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার মাসুক অপহরণের কথা স্বীকার করে জবানবন্দি দেন। ওই দিনই তাঁর দেওয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে ইমামপাড়া এলাকা থেকে খাদিজার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।