মাইক্রোবাসে এক গৃহবধূকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন হয়েছে৷ গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে প্রথম আলোর কসবা বন্ধুসভা, নারী সংগঠন নন্দিনী এবং সামাজিক সংগঠন সার্চের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়৷ এতে বিভিন্ন শ্রেিণ-পেশার লোক অংশ নেন৷
মানববন্ধনে ওই ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, কসবা বন্ধুসভার সভাপতি রকিবুল হক, নন্দিনীর সভাপতি রেজবিন-রু- দাওয়ানা, সার্চের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ৷
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই গৃহবধূর (২৭) স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়৷ ঢাকায় কর্মসূত্রে একই উপজেলার কোনাপুর গ্রামের জহিরুল হক (৩৫) ও নোয়াগাঁও গ্রামের ফারুক মিয়ার (৩৭) সঙ্গে তাঁর স্বামীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে৷ একপর্যায়ে জহিরুল ওই গৃহবধূকে জানান, তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ এবং স্ত্রীকে দেখভালের জন্য ওই গৃহবধূর সহযোগিতা চান৷ গত শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূকে নিয়ে ঢাকায় আসার কথা বলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকা থেকে মাইক্রোবাসে ওঠেন জহিরুল৷ এ সময় ফারুকও ছিলেন৷ কিন্তু মাইক্রোবাসটি ঢাকার দিকে না এসে কুমিল্লার দিকে যেতে থাকে৷ একপর্যায়ে গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়৷ বাধা দিলে তাঁকে মারধরও করা হয়৷ পরে মাইক্রোবাসে আরও দুজন অপরিচিত লোক ওঠে৷ তারা নির্জন এলাকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে৷ রাত ১০টার দিকে তাঁকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কসবা উপজেলার তিনলাপীর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ফেলে যায় তারা৷ পুলিশ সেখান থেকে ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়৷