জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর নৃশংস হামলায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। একই দাবিতে ছাত্রলীগও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
গত মঙ্গলবার সকালে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও ইতিহাস বিভাগের ছাত্র আবদুল্লাহ আল মাসুদ এবং ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক ও ফোকলোর বিভাগের ছাত্র টগর মোহাম্মদ সালেহ সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা মাসুদের ডান পা বিচ্ছিন্ন ও সালেহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। দুজনই ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
পঙ্গু হাসপাতাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান জানান, অস্ত্রোপচারের পর মাসুদকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তিনি জানান, একই হাসপাতালে টগরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁর অবস্থা মোটামুটি আশঙ্কামুক্ত।
আহত দুই নেতা ও ছাত্রলীগের অভিযোগ, ইসলামী ছাত্রশিবির এ ঘটনা ঘটিয়েছে। তবে ছাত্রশিবির এ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
টগরের ওপর হামলার প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন করেন ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থী মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী, অধ্যাপক শহিদুর রহমান, অধ্যাপক আবুল হাসান চৌধুরী, সুস্মিতা চক্রবর্তী, শিক্ষার্থী সিরাজ আলী, রফিকুল ইসলাম প্রমুখ। অন্যদিকে মাসুদের ওপর হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
উভয় মানববন্ধনে বক্তারা টগর ও মাসুদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।