জড়িত যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে চলন্ত বাসে মারধরের ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার এবং তাঁর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ওই কলেজের ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের কোর্ট রোডের সার্কিট হাউস এলাকায় এ মানববন্ধন হয়।
পুলিশ ও ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গত মঙ্গলবার পরীক্ষা শেষে রাজনগর উপজেলায় তাঁর বাড়ি যাওয়ার জন্য মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের বাসে ওঠেন। এ সময় পারভেজ আহমদ (২৫) নামের এক ব্যক্তি ওই বাসে ওঠেন। একপর্যায়ে তিনি ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার ও ঝগড়া শুরু করেন। এরপর তিনি তাঁকে মারধর করেন। এতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার দিনই ওই ছাত্রীর পরিবার রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুর আক্তারের কাছে লিখিত অভিযোগ করেন। গত বুধবার ছাত্রী নিজে বাদী হয়ে রাজনগর থানায় মামলাও করেছেন। তবে গতকাল পর্যন্ত পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে পারেনি।
রাজনগর থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, এখনো আসামি গ্রেপ্তার হয়নি।
কলেজের চার শতাধিক শিক্ষার্থী গতকাল বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে ছাত্রীরা ২৪ ঘণ্টার মধ্যে পারভেজকে গ্রেপ্তার এবং তাঁর শাস্তির দাবি করেছেন। মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল হালিম প্রমুখ বক্তব্য দেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘এসব ঘটনার বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া দরকার। আমরা এই যুবকের শাস্তি চাই। যাতে অন্যরাও এ থেকে শিক্ষা নিতে পারে।