জড়িত লিবিয়া দূতাবাসের কর্মকর্তাসহ ৩৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে লিবিয়ায় অবৈধভাবে লোক পাঠানোর সঙ্গে ঢাকায় লিবিয়া দূতাবাসের কয়েকজন কর্মকর্তাসহ কয়েকটি জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠানের (রিক্রুটিং এজেন্সি) অন্তত ৩৫ জন জড়িত।তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা তিন লিবীয় নাগরিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এ তথ্য দিয়েছেন। ডিবি তাঁদের সবার নাম-ঠিকানা সংগ্রহ করেছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি তরুণী প্রিয়াংকা লিবীয় নাগরিকদের প্রতারণায় সহায়তা করতেন।তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকার লিবীয় দূতাবাসে যেসব কর্মকর্তার নাম এসেছে, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানাবেন তাঁরা।বর্তমানে লিবিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে। ঈদুল ফিতরের আগে যাঁদের পাঠানো হয়েছিল, তাঁরা দেশে ফেরত এসেছেন। গত মঙ্গলবার গুলশানের লেকশোর হোটেলে দুটি অভিযান চালিয়ে ডিবি পুলিশ লিবীয় নাগরিক আমারা মাহমুদ আমারা (২৩), মাবরুক ফারাগ ছালিম (৪৪) ও সামির আহমেদ ওমর ফারগ (৩৬) এবং বাংলাদেশের নাগরিক প্রিয়াংকা জামানকে (২২) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট, এক লাখ ৮১ হাজার মার্কিন ডলার, ১০ লাখ ৬৬ হাজার বাংলাদেশি টাকা, লিবিয়ার মুদ্রা দিনার, কাতারের রিয়ালসহ এক কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের মালামাল জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর প্রথম দফায় অবৈধভাবে মুদ্রা পাচারের অভিযোগে তাঁদের ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মানব পাচারের মামলায় দ্বিতীয় দফায় তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি। মানব পাচার, মুদ্রা পাচার ও পাসপোর্ট আইনে এঁদের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা করা হয়। ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া লিবীয় নাগরিকদের কাছ থেকে ৪৭টি ভিসা লাগানো পাসপোর্ট পাওয়া গেছে। প্রত্যেকটি ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে টাকা নেওয়া হয়। তবে এগুলো প্রকৃত ভিসা কি না, তা যাচাই করতে ঢাকার লিবীয় দূতাবাসের কাউন্সেলরকে চিঠি পাঠানো হবে। লিবিয়ান ভাষায় লেখা ভিসা অনুবাদ করে দেখা যায়, এর মেয়াদ মাত্র এক মাস। ভিসায় সই করেছেন বাংলাদেশে নিযুক্ত লিবীয় দূতাবাসের ভিসা কাউন্সেলর মো. আলী মাহবুব। এই সইও আসল কি না, তা যাচাই করতে উদ্যোগ নিয়েছে ডিবি। জানতে চাইলে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, লিবিয়ায় অবৈধভাবে লোক পাঠানোর সঙ্গে রিক্রুটিং এজেন্সির জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি জামানতও বাজেয়াপ্ত করা হবে।