লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলায় জড়িত চার শিক্ষকের শাস্তি এবং তাঁদের কারণে হওয়া পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবিতে একটি বিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রায়পুর প্রেসক্লাবে তাঁরা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, সোমবার দুপুরে কেন্দ্রের ১ নম্বর কক্ষে ১৫ মিনিট পর এসএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র বিতরণ এবং নির্ধারিত সময়ের আগেই উত্তরপত্র কেড়ে নেওয়া হয়। এতে সব প্রশ্নের উত্তর দিতে না পারায় ওই কক্ষে থাকা ৮৯ পরীক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট কম পরীক্ষা দিতে পারায় শিক্ষার্থীদের ভালো ফলে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন মার্চেন্টস একাডেমি থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। এই অবস্থায় মার্চেন্টস একাডেমির শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষামন্ত্রী ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন।