দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িত এসএসসি পরীক্ষার্থী রিয়াদ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল মঙ্গলবার মানববন্ধন, মিছিল ও অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধকালে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে পাঁচ-ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাস ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়কের চুনকুটিয়া এলাকা অবরোধ করে। এর আগে তারা মানববন্ধন ও মিছিল করে। অবরোধের কারণে চুনকুটিয়া মোড় থেকে রাস্তার দুই পাশে বিশাল যানজটের সৃষ্টি হয়। ঢাকা থেকে কেরানীগঞ্জ, দোহার, শ্রীনগর, সিরাজদিখান, মাওয়াসহ দক্ষিণাঞ্চলগামী যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়। দুপুরে চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে আছেন। ঘটনার সূত্রপাত বিদ্যালয় ভবনের তৃতীয় তলার ৩১০ নম্বর কক্ষে বেঞ্চের একটি অংশ খালি রাখা হয়েছে। এখানেই শিক্ষক হত্যাকারী পরীক্ষার্থী রিয়াদ হোসেন পরীক্ষা দিয়েছিল।দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ রউফনগরে রিয়াদ হোসেনের বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভবনের একজন বাসিন্দা জানান, সকাল ১০টার দিকে স্কুলের ছাত্রছাত্রীসহ বেশ কিছু লোক মিছিল করে ভবনটিতে ঢোকার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে তারা একটি মুদি দোকান ভাঙচুর করে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা চলে যায়। হত্যার ঘটনায় নিহত শিক্ষকের স্ত্রী লাকী ভূঁইয়া গতকাল রিয়াদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ছাত্রছাত্রীরা রাস্তায় মিছিল করার সময় কিছু উচ্ছৃঙ্খল তরুণ গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালিয়েছে। অভিযুক্ত রিয়াদকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, কেরানীগঞ্জে শিক্ষককে হত্যার প্রতিবাদে দোহার উপজেলা শিক্ষকেরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ইকরাশী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিনের নেতৃত্বে জয়পাড়া উপজেলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষকেরা।