জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের কেরানীপাড়া এলাকার বায়োজিত মুরাদের (৩০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা এ কর্মসূচি পালন করে। দুপুর ১২টার দিকে কেরানীপাড়া চৌরাস্তা মোড়ের ব্যবসায়ী সমিতি ও একতা যুব সংঘের ব্যানারে এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এসে মানববন্ধন রচনা করে। এ সময় সেখানে বক্তব্য দেন পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম, নিহত মুরাদের বাবা দেলোয়ার হোসেন, ব্যবসায়ী জুয়েল, স্বপন প্রমুখ। বক্তারা অবিলম্বে মুরাদের হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।উল্লেখ্য, গত শুক্রবার রাতে কেব্ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে কেরানীপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় বায়োজিত মুরাদ খুন হন। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।