জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে হামলা, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলীতে স্কুলছাত্র ইমন হোসেনকে (১৪) হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছেন তার সহপাঠী ও এলাকাবাসী। এদিকে ইমনের বাড়িতে চলছে মাতম। আদরের সন্তানকে হারিয়ে মা নাসিমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে জানাজা শেষে রাধানগর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে স্কুলছাত্র ইমনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে সিরাজ মিয়ার ছেলে মামুন ও আমান উল্লাহর স্ত্রী আয়েশা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী একটি চাপাতি ও রামদা উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। গতকাল রাধানগর এলাকায় ইমনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে চলছে মাতম। আদরের সন্তানকে হারিয়ে মা নাসিমা বেগম ভেঙে পড়েছেন। কথা বলার সময় বারবার তিনি মূর্ছা যাচ্ছিলেন। তিনি ছেলেকে এনে দেওয়ার কথা বলে চিৎকার করে কাঁদছিলেন। এলাকাবাসী এবং স্বজনেরা নিহত ইমনের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁদের গোষ্ঠীর চাচাতো ভাই সিরাজ মিয়া, আহাম্মদ আলী ও তাঁদের সহযোগীরা ইমনকে হত্যা করেছেন।বেলা দুইটার দিকে ইমনের সহপাঠীসহ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চর রাধানগর এলাকার আহাম্মদ আলীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিকেলে ইমনের লাশ উদ্ধারের পর থেকে সিরাজ ও আহাম্মদ আলীর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে জানান বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বক্তাবলীতে এ রকম নৃশংস হত্যাকাণ্ডের কোনো নজির নেই। এ ধরনের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। তাই ক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেখতে চান।ইমনের বাবা ইসমাইল জানান, দেড় বছর আগে সিরাজ মিয়া ও আহাম্মদ আলীর পক্ষের লোকজনের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষে ঝগড়াঝাঁটি হয়। ওই সময় এলাকাবাসী গ্রাম্য সালিসে বসে দুই পক্ষকে মিলিয়ে দেন। কিন্তু ওই ঝগড়ার পর থেকে সিরাজ ও আহাম্মদ আলী তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন। জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইমনের মা নাসিমা বেগম বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে আমি বারবার সিরাজ ও আহাম্মদ আলীর বাড়িতে গিয়ে তাদের কাছে ইমনকে ফেরত দিতে অনেক অনুনয়-বিনয় করেছি। কিন্তু তারা এভাবে আমার ছেলেকে টুকরা টুকরা করে হত্যা করল। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’