ঢাকার নবাবগঞ্জ উপজেলার পানালিয়া গ্রামে সন্ত্রাসী কর্তৃক আহত স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা তাঁদের ঢাকায় পাঠিয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল শুক্রবার সকালে গণপিটুনিতে একজন মারা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটায় পানালিয়া গ্রামের গায়েনবাড়িতে অজ্ঞাত মুখোশধারী ছয়-সাতজন সন্ত্রাসী ঘরে ঢুকে হত্যার উদ্দেশ্যে খলিলুর রহমানকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তাঁর স্ত্রী রহিমা বেগম (৩৮) সন্ত্রাসীদের অনুরোধ করলে তাঁকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।গতকাল শুক্রবার সকাল ১০টায় ওই ঘটনার জের ধরে সমসাবাদ গ্রামের আউস সালামকে (৩৬) পানালিয়া গ্রামের উত্তেজিত জনতা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধরে নিয়ে পানালিয়া কারিতাসের অফিসের সামনে পিটুনি দেয়। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত সালামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মা পিয়ারা বেগম বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান।নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেন, গণপিটুনি দিয়ে হত্যা এবং স্বামী-স্ত্রীকে কোপানোর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।