জড়িত সন্দেহে গ্রেপ্তার সাত নেপথ্যে 'যুবক'-এর লেনদেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মুনিম ফয়েজের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বহুধাপ বিপণন প্রতিষ্ঠান (এমএলএম) ‘যুবক’-এর টাকা লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবি কর্মকর্তারা এ তথ্য জানান। তাঁরা বলেন, গত বুধবার থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার কথা স্বীকার করেছেন। তাঁরা হলেন কাজী সিরাজুল আলম, শাকিল খান, জাহিদ হাসান, নবীন হোসেন, রফিকুল ইসলাম ওরফে ফরিদ, মোস্তফা ও ইমরান হোসেন।
গত ৫ এপ্রিল কলাবাগানের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শেখ মুনিম। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ৬ এপ্রিল গাজীপুর চৌরাস্তার বর্ষা সিনেমা হলের কাছে মহাসড়কের পাশ থেকে তাঁর লাশ অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা হয়। খবর পেয়ে পরদিন স্বজনেরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার (ডিসি-দক্ষিণ) কৃষ্ণপদ রায় বলেন, থানার পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নেমে ডিবি জানতে পারে, এ হত্যায় সাতজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাঁদের গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, যুবকের টাকা লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
কৃষ্ণপদ রায় বলেন, নিহত মুনিম যুবকের একজন পরিচালক ছিলেন। এ সূত্রে তাঁর সঙ্গে গ্রেপ্তার কাজী সিরাজুল ও এক নারীসহ কয়েকজনের ঘনিষ্ঠ সম্পর্ক হয়। সিরাজুল ও ওই নারী যুবকে মোটা অঙ্কের অর্থ লগ্নি করেছিলেন। একপর্যায়ে সিরাজুলদের সন্দেহ হয়, মুনিম আর তাঁদের স্বার্থরক্ষা করছেন না। তখন তাঁকে আটকে রেখে মুক্তিপণ দাবির পরিকল্পনা করেন তাঁরা।
পুলিশের এ কর্মকর্তা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ৫ এপ্রিল ওই নারী মুনিমকে তাঁর রায়েরবাজারের বাসায় ডেকে নেন। সেখানে সিরাজুলসহ কয়েকজন তাঁকে আটকে রেখে নির্যাতন করেন। একপর্যায়ে মুনিমকে নিয়ে যাওয়া হয় গ্রেপ্তার নবীনের কামরাঙ্গীরচরের বাসায়। সেখানে মুনিমের শরীরে ইনজেকশনের মাধ্যমে চেতনানাশক ওষুধ দেওয়া হলে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। লাশ সরানোর জন্য একটি প্রাইভেট কার ভাড়া করেন সিরাজুলরা। গ্রেপ্তার রফিকুল এ গাড়িরই চালক। ৬ এপ্রিল ভোরে তাঁরা কামরাঙ্গীরচর থেকে ভাড়া গাড়িতে করে লাশ নিয়ে রওনা দেন। মোহাম্মদপুর পৌঁছে চালক রফিকুল আর না যেতে চাইলে সিরাজুলরা ভালুকা পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। গ্রেপ্তার মোস্তফা ওই অ্যাম্বুলেন্সের চালক ও ইমরান সহযোগী। অ্যাম্বুলেন্স গাজীপুরের বর্ষা সিনেমা হলের পাশে পৌঁছালে লাশ বাড়িতে নেওয়ার কথা বলে সিরাজুলরা একটি ভ্যান ভাড়া করেন। লাশ ভ্যানে তুলে দিয়ে তাঁরা কৌশলে সরে পড়েন। ভ্যানগাড়ির চালক তখন ভয় পেয়ে লাশ সড়কের পাশে ফেলে দেন।
ব্রিফিং শেষে তদন্ত ও গ্রেপ্তার অভিযান তত্ত্বাবধানকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন বলেন, সম্প্রতি ধানমন্ডিতে যুবকের মালিকানাধীন একটি বাড়ি বিক্রি হয়। হত্যায় জড়িত ব্যক্তিদের ধারণা ছিল, মুনিম ওই টাকা তাঁদের দিচ্ছেন না। মূলত, এ কারণেই তাঁকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করা হয়। হত্যায় জড়িত নারী পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মুনিমের স্ত্রী নাহিদ ফারজানা। তিনি প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে মুনিম যুবকের পরিচালক পদে যোগ দেন। তখন থেকে যুবকের জন্য জমি নিবন্ধনের কাজ করতেন তিনি।