জড়িত সন্দেহে সাবেক শিবিরকর্মী আটক

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের সাবেক এক কর্মীকে আটক করা হয়েছে। তাঁর নাম আবু নছর ওরফে গুন্নু (৪৫)। গতকাল বুধবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকা থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে চারজনকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।
এদিকে গতকাল রাতে এটি কালো রঙের মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর চালককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল রাত সোয়া ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চালকসহ একটি মাইক্রোবাস আনা হয়েছে। এটি সেই মাইক্রোবাস কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।’
পুলিশের সংগ্রহ করা ভিডিওচিত্রে দেখা যায়, খুনিদের মোটরসাইকেলের পেছনে একটি কালো রঙের মাইক্রোবাস ছিল। খুনের পর মোটরসাইকেলটির পেছনে ওই পথ দিয়ে মাইক্রোবাসটিকে কয়েক সেকেন্ড পর যেতে দেখা গেছে।
এর আগে গতকাল দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, আটক হওয়া আবু নছর পাঁচ বছর আগে দুবাই থেকে দেশে ফেরেন। দুবাই যাওয়ার আগে তিনি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশে ফেরার পর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অপহরণ ও হাটহাজারী থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
কী তথ্যপ্রমাণের ভিত্তিতে আবু নছরকে আটক করা হয়েছে, এ প্রশ্নে দেবদাস ভট্টাচার্য বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে মোটরসাইকেলে তিন আরোহীকে দেখা গেলেও তাঁদের সহায়তা করতে আরও কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলের আশপাশে ছিল। ওই মোটরসাইকেলের পেছনে একটি কালো রঙের মাইক্রোবাসও ছিল। ফুটেজে আবু নছরের ছবি দেখা না গেলেও ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন বলে তথ্য রয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, নিজেকে আড়াল করতে একটি দরবার শরিফের রক্ষণাবেক্ষণের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন আবু নছর। এ হত্যাকাণ্ডের তদন্ত ঠিক পথেই এগোচ্ছে বলে জানান তিনি।
গত রোববার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম। হত্যাকাণ্ডের পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে তাঁর স্ত্রীকে জঙ্গিরা খুন করে থাকতে পারে। এ ঘটনায় সোমবার বাবুল আক্তার হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্তের মূল দায়িত্বে রয়েছে ডিবি। তবে র্যা ব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই) তদন্তে সহায়তা করছে।
আটক আবু নছরের স্ত্রী পারভীন আক্তার গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, হাটহাজারীর ফরহাদাবাদে একটি দরবার শরিফের কমিটির সাধারণ সম্পাদক তাঁর স্বামী। এই দরবার নিয়ে পক্ষে-বিপক্ষে মামলা চলছে। ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়েছে পুলিশ। তাঁর স্বামী এই খুনের ঘটনায় জড়িত নন। তিনি শিবিরও করতেন না।
এদিকে গতকাল দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, নিহত মাহমুদার মুঠোফোন নম্বরে ঘটনার দিন সকালে ও এর আগের রাতে কোনো খুদে বার্তা আসেনি। তাঁর মুঠোফোনের কললিস্ট যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। মুঠোফোনে খুদে বার্তা পাঠানোর খবর কারা ছড়িয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ঘটনার পর থেকে মাহমুদার মুঠোফোনটি পাওয়া যাচ্ছে না। ঘটনার পরপরই এটির অবস্থান পাঁচলাইশের বাদুরতলায় দেখা গেছে। এরপর আর মুঠোফোনটির অবস্থান শনাক্ত করা যায়নি। রাতে ওই এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
দেবদাস ভট্টাচার্য বলেন, হত্যাকাণ্ডে নিবন্ধনহীন চোরাই মোটরসাইকেল ব্যবহার করে দুর্বৃত্তরা। এর নম্বরপ্লেটও ছিল ভুয়া। নিবন্ধনহীন এই মোটরসাইকেলটি সর্বশেষ কিনেছিলেন বোয়ালখালীর বাসিন্দা শহীদুল্লাহ। গত ৮ মে তাঁর কাছ থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি বোয়ালখালী থানায় মামলাও করেন।