জড়িতদের খুঁজে এনে বিচার করা হবে: প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নারায়ণগঞ্জের অপহরণের পর খুন হওয়া ব্যক্তিদের স্বজনেরা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাঁদের এই আশ্বাস দেন৷
প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত ব্যক্তিদের স্বজনদের সাক্ষাতের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, অমানবিক এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের কেউ রেহাই পাবে না৷ হত্যাকারীরা যে অবস্থানের হোক, যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না৷ তাদের খুঁজে এনে বিচার করা হবে৷
শাকিল বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হবে৷ এ জন্য ইতিমধ্যে নারায়ণগঞ্জ থেকে র্যাব ও পুলিশ কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে৷
এই বিশেষ সহকারী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সব হারিয়েছেন, স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন৷ নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী পারেন ন্যায়বিচার করতে৷ তিনিই পারেন হত্যাকারীদের ধরে এনে বিচার করতে৷
নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, সুষ্ঠু বিচার করবেন৷ আমরা প্রধানমন্ত্রীর কথায় আশস্ত হয়েছি৷’
নিহত নজরুল ইসলাম, মনিরুজ্জামান খান, জাহাঙ্গীর, তাজুল ইসলাম ও লিটনের পরিবারের সদস্যরা গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ এর আগে গত রোববার নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেিছলেন৷