রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে কল্পনা চাকমা অপহরণের ঘটনায় চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের জোর দাবি জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। ১৯৯৬ সালের ১২ জুন কল্পনা অপহূত হন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে হিল উইমেন্স ফেডারেশন, ইউপিডিএফ-সমর্থিত শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম এই সমাবেশের আয়োজন করে। বিক্ষোভকারীরা চট্টগ্রাম নগরের বিপণিবিতান (নিউমার্কেট) মোড় থেকে মিছিল বের করে প্রেসক্লাব চত্বরে এসে মিলিত হয়। সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কনিকা দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রীনা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-আহ্বায়ক জুপিটার চাকমা প্রমুখ। সমাবেশে কনিকা দেওয়ান বলেন, ‘কল্পনা চাকমার অপহরণকারীদের রক্ষার জন্য গত ১৬ বছর ধরে ষড়যন্ত্র হয়ে আসছে।