জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত বাসে এক নারী পোশাককর্মীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় এসব কর্মসূচি পালিত হয় l প্রথম আলো
চলন্ত বাসে এক নারী পোশাককর্মীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় এসব কর্মসূচি পালিত হয় l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত বাসে তৈরি পোশাক কারখানার এক নারী কর্মী গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসী, জনপ্রতিনিধি, নাগরিক কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মীরা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিল্পকারখানার মালিকেরা শ্রমনীতি পালন করছেন না। পোশাক কারখানার মালিকপক্ষ নারী নির্যাতনের দায় এড়াতে পারেন না। তাঁরা এ সময় পোশাক কারখানাগুলোতে কর্মরত নারী শ্রমিকদের রাত আটটার মধ্যে ছুটি দিয়ে কারখানার নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কারখানার মালিক ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এক সপ্তাহের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত বাসের চালক চান মিয়া ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেন তাঁরা।
মানববন্ধন ও বিক্ষোভ নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, স্থানীয় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা (ব্র্যাকের) ব্যবস্থাপক গোলাম মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গত সোমবার আড়াইহাজার উপজেলার একটি তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকামালদী এলাকায় চলন্ত বাসের ভেতরে বাসের চালক চান মিয়া ও তার সহকারী রুবেল মিয়াসহ চারজন ওই নারীকে ধর্ষণ করে। ইতিমধ্যে রুবেল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্য তিন আসামি পলাতক আছে।