জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফ হোসেন পাঠান (৪৫) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দেওয়া হয়।
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে পুটিয়া ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিন গাজী ও সব ইউপি সদস্য, মামলার বাদী রোমান পাঠান ও কয়েক শ এলাকাবাসী অংশ নেয়।
গত ৩০ মার্চ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় আরিফ হোসেন পাঠানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত আরিফের ছোট ভাই রোমান পাঠান আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ এ পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গ্রেপ্তারের পর সাইফুল ইসলাম নামে এক আসামি চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে মারা যান।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন মজুমদার বলেন, মামলায় অনেক অগ্রগতি রয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।