
ঢাকার সাভারের আমিনবাজারের ধোবরাই গ্রামে মো. আকাশ নামের এক তরুণের দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে লোকজন ধোবরাই গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে বরদেশী গ্রাম ঘুরে আমিনবাজারে গিয়ে শেষ হয়। এরপর তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে আকাশের বড় ভাই মোহাম্মদ লিটন বলেন, বাড়ির অদূরে বসুধা সড়কের পাশে তাঁদের চার শতাংশ জমি আছে। তাঁরা পৈতৃক সূত্রে ওই জমির মালিক। কিন্তু প্রতিবেশী ওয়াহাব আলীর ছেলে হাফিজুল ইসলাম ও সাইফুল ইসলাম জমিটির মালিকানা দাবি করে আসছেন। এর জের ধরে তাঁরা বছর ছয়েক আগে তাঁর বড় ভাই মতিউরকে হত্যার পর লাশ গুম করেন। দেড় বছর আগে তাঁরা তাঁর মা হাসিনা বেগমের দুই পায়ে গুলি করেন। সর্বশেষ তাঁর ছোট ভাই আকাশের দুই হাতের কবজি কেটে নেন তাঁরা। লিটন বলেন, প্রথম দুটি ঘটনায় তাঁদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হলেও তাঁরা সহজেই জামিন পেয়ে যান। আর আকাশের কবজি কেটে নেওয়ার ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ গত ১০ দিনেও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। বরং আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি অনতিবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
আমিনবাজার ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ বলেন, হাফিজুল-সাইফুলসহ তাঁদের সহযোগীদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে। তাঁদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পায় না। এ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে আরও অনেকেই তাঁদের নৃশংসতার শিকার হতে পারেন।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, কবজি কর্তনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
অভিযোগ রয়েছে, হাফিজুল, সাইফুল ও তাঁদের চাচা মজিবর রহমান ৩ নভেম্বর বিরোধপূর্ণ জমি থেকে আকাশকে জোরপূর্বক তুলে তাঁদের বাড়িতে নিয়ে যান। এরপর বাড়ির দোতলার একটি কক্ষে নিয়ে তাঁর (আকাশ) বাঁ হাতের কবজি, ডান হাতের চার আঙুলসহ কবজির আংশিক কেটে নেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। তিনি এখনো সেই হাসপাতালেই চিকিৎসাধীন।