জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গৃহবধূ আরজু বেগমের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় নিহত ওই গৃহবধূর স্বজন ও এলাকাবাসী ওই কর্মসূচি পালন করে।মানববন্ধনে আরজুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ১৪ জুন দুপুরে আরজু বেগমকে তার স্বামী টুটুল আক্তার, শ্বশুর আবদুল লতিফ, শাশুড়ি লিলু বেগম, দেবর মো. শামিম, নীরব হোসেন ও ননদ নাজমা বেগম শারীরিক নির্যাতন করেন। একপর্যায়ে তাঁরা আরজুর মুখে বিষ ঢেলে দেন। পরে আরজুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বেলা তিনটার দিকে আরজুর মৃত্যু হয়। ঘটনার পরের দিন আরজুর বাবা আবু মুছা বাদী হয়ে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় হত্যা মামলা করেন। কিন্তু পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করেনি।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নাজমাকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ আরজুর শাশুড়ি লিলু বেগমকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।