জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে নিহত মুক্তার মিয়ার (৩৮) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছে। উপজেলার ফুলতলা ইউনিয়নের রথটিলা নতুন বাজার এলাকায় গত শুক্রবার বিকেলে সভাটি হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলতলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম থেকে গত দুই-তিন সপ্তাহে কয়েকটি গরু ও মহিষ চুরি হয়। এ কারণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এরই মধ্যে ৫ মে রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত গাছ চুরি করে আনতে ফুলতলার পশ্চিম বটুলি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহলদল তাদের ধাওয়া করে। এ সময় দৌড়ে পালাতে গেলে আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন ‘চোর’ সন্দেহে মুক্তারকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় মুক্তারের স্ত্রী মনোয়ারা বেগম (৩৬) বাদী হয়ে পূর্ব বটুলি গ্রামের ১০ ব্যক্তিকে আসামি করে ৬ মে সকাল নয়টার দিকে জুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসী জানান, শুক্রবার বিকেল চারটার দিকে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় রথটিলা নতুন বাজারে প্রতিবাদ সভা হয়। উপেন্দ্র দেবের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন আবদুল মতিন, জামাল উদ্দিন সেলিম, শাহীন আহমদ, আবদুল জলিল, মাহবুব আলম প্রমুখ। সভায় বক্তারা মুক্তারকে ‘নির্দোষ’ দাবি করেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, প্রকৃত জড়িত লোকজনের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৭ মে ‘চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত’ শিরোনোমে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।