জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে আর্জিনা খাতুনকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক একজনকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ আর্জিনার পরিবার।
পরিবারের সদস্য ও গ্রামবাসী সূত্র জানায়, বোয়ালমারী গ্রামের আর্জিনাকে একই ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের আয়ুইব আলী বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি এ প্রস্তাবে সাড়া দেয়নি। গত রোববার আর্জিনা ছাড়া বাড়িতে কেউ ছিল না। এ সময় আয়ুইব আলী তার বন্ধু নাসির ও আনারুলকে নিয়ে আর্জিনার বাড়িতে ঢোকে। একপর্যায়ে আর্জিনা রান্না ঘরে এলে প্রথমে ধর্ষণ ও পরে গলা কেটে হত্যা করা হয়। এরপর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আয়ুইব রাস্তায় পড়ে মারা যায়।
আর্জিনা হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বেচ্ছাসেবী সংগঠন রৌমারী নারী মুক্তি কেন্দ্রের আহ্বায়ক মহির উদ্দিন গতকাল সোমবার এক বিবৃতিতে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দেওয়ার দাবি জানান।
রৌমারী থানা-পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামলা হওয়ার আগেই গত রোববার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের নাসির উদ্দিন (২২) ও বাতার গ্রামের সফর উদ্দিনের ছেলে আনারুলকে গ্রেপ্তার করে। তবে গতকাল সকালে নাসির উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে নিহত আর্জিনার ভাই শাহিন বলেন, ‘পুলিশ কী জন্য বা কেন নাসিরকে ছেড়ে দিল আমরা তা বুঝতে পারছি না।’
পুলিশ জানায়, আর্জিনার মা সাজেদা বেগম পাঁচজনকে আসামি করে গত রোববার একটি মামলা করেছেন। পুলিশ আনারুলকে গতকাল সকালে আদালতে পাঠিয়েছে। তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। গতকাল সকালে আর্জিনার লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, নাসিরের কাছ থেকে কোনো তথ্য না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। নিহত আর্জিনার পরিবার চাইলে আবার তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে।